২৮ হাজার ৮০০ টাকা মূল্যের শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণের পর অভিনেত্রী তানজিন তিশার জামিন মঞ্জুর করেছিল আদালত। বর্তমানে সেই জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত। একই সঙ্গে এ মামলার চার্জ গঠন শুনানির তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এদিন একই আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে তা পিছিয়ে দেওয়া হয়।
আদালতে এসে সাংবাদিকদের উদ্দেশে তানজিন তিশা বলেন, ‘২৮ হাজার টাকার একটি শাড়ি নাকি আত্মসাৎ করেছি। আমার ১৫ বছরের একটা ক্যারিয়ার। এটা কারোর কাছে কাম্য নয়, একটা শাড়ির জন্য আদালতে আসব। আইনকে শ্রদ্ধা করি বলেই আদালতে এসেছি। তবে মামলায় অনেকগুলো মিথ্যা কথা বলা হয়েছে। আমি শাড়ি আত্মসাৎ বা প্রতারণা—এমন কিছুই করিনি।’
‘তিনি আমাকে গিফটের কথা বলে শাড়ি দিয়েছিলেন এখন প্রতারণার মামলা দিয়েছেন। আমি বলেছিলাম শাড়ী পড়ে ছবি তুলে পোস্ট করব, হয়তো ভুলে গিয়েছিলাম। একটা কথা বলতে চাই, মামলার বাদী একজন নারী। তিনি নিজের স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা (মামলা) করেছেন। অনেক ধরনের হুমকি দিয়েছেন।’
এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিশা। আত্মসমর্পণের পর তিশার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী নিহার হোসেন ফারুক। শুনানি শেষে সেদিনও আদালত তার জামিন মঞ্জুর করে।
তার আগে গত ১২ জুলাই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার অভিযোগ ওঠে তানজিন তিশার বিরুদ্ধে। শাড়িটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় ২০২৫ সালে পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম আদালতে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলাটি করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দেয়।


