জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে যানবাহন চলাচলের জন্য চারটি শর্ত নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব শর্ত ভঙ্গের পাশাপাশি বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট চালক ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে পথচারীদের নিরাপত্তা ও সামগ্রিক শৃঙ্খলা বজায় রাখতে নির্ধারিত নিয়মগুলো অনুসরণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে চলাচলকারী সব ধরনের যানবাহনের জন্য এ নির্দেশনা প্রযোজ্য হবে।

প্রশাসনের নির্ধারিত শর্তগুলোর মধ্যে রয়েছে, গড়ির গতি সহনীয় সীমার মধ্যে রাখা, যানবাহনের বৈধ নিবন্ধন সনদ থাকা এবং চালকের হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা। একই সঙ্গে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে কোনো দুর্ঘটনা ঘটলে এর সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট চালক বা মালিককে নিতে হবে। এ ক্ষেত্রে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ক্যাম্পাসের নিরাপদ পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের জারি করা নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।


