গুণগত মান দেখে গবেষণা প্রস্তাব মূল্যায়নের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

গুণগত মান দেখে গবেষণা প্রস্তাব মূল্যায়নের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
গবেষণা প্রস্তাব মূল্যায়নবিষয়ক আলোচনা সভায় বক্তব্য দেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

গবেষণা প্রস্তাব মূল্যায়নের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব, চাপ বা হস্তক্ষেপ বিবেচনায় না নিয়ে শুধু প্রকল্পের উপযোগিতা ও গুণগত মানের ভিত্তিতে তা মূল্যায়নের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

বুধবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ‘উপ-প্রকল্প মূল্যায়নের মানদণ্ড পরিচিতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। হিট প্রকল্পের গবেষণা উপ-প্রকল্পের মূল্যায়নকারীরা এই সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, গবেষণা প্রস্তাব মূল্যায়নের দায়িত্ব পাওয়ার পর অনেক সময় প্রস্তাবদাতারা মূল্যায়নকারীদের ফোন করে নিজেদের প্রকল্প সম্পর্কে অবহিত করার চেষ্টা করেন। বিশেষ করে মূল্যায়নের দুই থেকে তিন দিন আগে দায়িত্বপ্রাপ্তির বিষয় জানা গেলে এ ধরনের যোগাযোগের প্রবণতা দেখা যায়।

তিনি জানান, গবেষণা প্রকল্প নির্বাচনে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক ধাপে মূল্যায়নকারী নির্বাচন করা হয়েছে। একই সঙ্গে মূল্যায়ন কার্যক্রম শুরু হওয়ার আগে তাদের কী কাজ করতে হবে, সে বিষয়টি গোপন রাখা হয়। ফলে অনাকাঙ্ক্ষিত যোগাযোগের সুযোগ কমানো সম্ভব হয়েছে।

আরও পড়ুন

‘শুধু উপযোগিতার ভিত্তিতে প্রকল্প প্রস্তাব মূল্যায়ন করুন; এর বেশি কিছু নয়, কমও নয়’ উল্লেখ করে মূল্যায়নকারীদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান বলেন, গবেষণা প্রস্তাব মূল্যায়নে মেধা, গুণগত মান, প্রাসঙ্গিকতা ও প্রকল্পের সম্ভাব্য ফলাফলকে গুরুত্ব দিতে হবে। কোনো ধরনের প্রভাব, চাপ বা হস্তক্ষেপের ঘটনা ঘটলে কমিশন তা গুরুত্বের সঙ্গে দেখবে।

গবেষণাকে উচ্চশিক্ষার অন্যতম মূল ভিত্তি উল্লেখ করে মামুন আহমেদ বলেন, গবেষণার জন্য বরাদ্দ অর্থ যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না এবং গবেষণার ফলাফল দেশ, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজে লাগছে কি না, তা নিশ্চিত করা জরুরি। দেশের মানুষের উপকারে আসে–এমন গবেষণাকে অগ্রাধিকার দেওয়ার ওপরও জোর দেন তিনি।

একই সঙ্গে হিট প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন উপ-প্রকল্পগুলোর অগ্রগতি নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কোনো উপ-প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, অনিয়ম বা গুরুতর কোনো সমস্যা দেখা দিলে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি গবেষকদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন ও গবেষণার ফলাফল দৃশ্যমান করার আহ্বান জানান।

সভায় ইউজিসির সদস্য অধ্যাপক মো. আসলাম হোসেন এবং হিট প্রকল্পের প্রকল্প পরিচালক আসাদুজ্জামান বক্তব্য দেন। এতে ইউজিসি ও হিট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad