জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল হালিম। একই সঙ্গে পদত্যাগ করা দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের সই করা এক অফিস আদেশে এ নিয়োগ ও অব্যাহতির বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়েছে, ১ অক্টোবর ২০২৬ তারিখের অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আব্দুল হালিমকে সাময়িকভাবে প্রক্টরের দায়িত্ব পালন করতে হবে। এ দায়িত্বের বিপরীতে তিনি প্রচলিত বিধি অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন।
এ ছাড়া দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া প্রক্টর ও নবনিযুক্ত প্রক্টরের মধ্যে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণসংক্রান্ত সনদ যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর মো. আব্দুল হালিম বলেন, ‘শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। আশা করছি, আগামী দিনে ক্যাম্পাসের শৃঙ্খলা পরিস্থিতি আরও শান্তিপূর্ণ থাকবে।’


