আগামী তিন মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
শুক্রবার তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, ‘কিশোররা স্কুলে যাবে, পড়ালেখা করবে, কৃত্রিম বুদ্ধিমত্তা শিখবে, দক্ষ মানুষ হবে, তারা অস্ত্র-চাপাতি নিয়ে ঘুরবে না।’ আজকের কিশোর ও তরুণরাই আগামী দিনের কাণ্ডারি উল্লেখ করে তিনি বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলনের সমন্বয় প্রয়োজন। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রিত ব্যবহারে বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত বলেও মত দেন।
সম্প্রতি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ‘সরকার এর মাধ্যমে সকলকে কঠোর এবং কঠিন বার্তা দিচ্ছে। আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার সঙ্গে কাজ করতে চাই। আমরা শুরু করেছি ঘর থেকে। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সত্যিকার অর্থেই জনগণের কল্যাণে কাজ করতে চাই।’
যেকোনো নেতিবাচক ঘটনার দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা ভবিষ্যতে মেনে নেওয়া হবে না মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি এবং জনগণের কল্যাণে কাজ করছি।’
সরকার একটি ভঙ্গুর দেশ পেয়েছে উল্লেখ করে তিনি সরকারের কাজের সুফল পেতে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান জানান।
চিফ হুইপ বলেন, ‘সরকার যদি শক্তিশালী না হয় তাহলে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ে। সরকার ব্যর্থ হলে সেই দায় আমাদের। দায় চাপানোর রাজনীতি আমরা করি না।’
বিভিন্নভাবে কৃত্রিম সংকট তৈরি করে একটি কুচক্রী মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এসব অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান চিফ হুইপ।


