সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ ও আলজেরিয়া

সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ ও আলজেরিয়া
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি।

সোমবার দুপুরে ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দু’দেশের মধ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ ও দমন, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা আদান-প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) দীর্ঘমেয়াদী এলএনজি এবং সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়। উভয় পক্ষই একমত পোষণ করেন যে, এই উদ্যোগ দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় উন্নীত করবে।

আলোচনায় আলজেরিয়ার রাষ্ট্রদূত স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর আলজেরিয়াই প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। তিনি দু’দেশের মধ্যকার এই ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে আলজেরিয়ার দৃঢ় আগ্রহের কথা ব্যক্ত করেন।

আরও পড়ুন

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার অর্থনৈতিক সম্পর্ককে আরও বেগবান করতে আলজেরিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক (গার্মেন্টস) ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়াতে পারে। পাশাপাশি, বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার জন্যও তিনি আলজেরিয়াকে আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশে বিচারাধীন একজন আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের নিয়মানুগ প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন এবং এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলজেরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করে মন্ত্রী জানান, আলজেরিয়ার রাষ্ট্রপতি এই আমন্ত্রণ গ্রহণ করায় বাংলাদেশ আনন্দিত। তিনি এই সফরের জন্য সুবিধাজনক কূটনৈতিক তারিখ নির্ধারণের ওপর জোর দেন।

বৈঠকে উভয় দেশ নিরাপত্তা, বাণিজ্য ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad