রাড্ডা কাণ্ডে শুধু ‘দলীয় ব্যবস্থা’ নয়, আইনি শাস্তিও চান আসিফ মাহমুদ

রাড্ডা কাণ্ডে শুধু ‘দলীয় ব্যবস্থা’ নয়, আইনি শাস্তিও চান আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ফটো
Advertisement
Advertisement

রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় শুধু বিএনপির দলীয় ব্যবস্থা যথেষ্ট নয়, জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নিয়ে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার বিকালে রাজধানীর সেইন্ট খৃস্টিনা চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা দেখেছি রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ক্ষেত্রে সরকার এক ধরনের দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার দিকে গেছে। কিন্তু এটা স্পষ্টতই একটা ফৌজদারি অপরাধ। তাই ফৌজদারি আইনে ব্যবস্থা নিতে হবে এবং যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।’

দলীয়ভাবে কাউকে বহিষ্কারের পরও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার উদাহরণ রয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘ফৌজদারি ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আরও ঘটতে পারে। শুধু একটি ঘটনা নিয়ে প্রতিবাদ বা ব্যবস্থা না নিয়ে এমন পরিস্থিতি তৈরি করতে হবে, যাতে এসব ঘটনা আর না ঘটে।’

এ ক্ষেত্রে ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কার্যকর হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

উপাসনালয় ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলো নিয়েও উদ্বেগ জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘গত এক মাসে মাদ্রাসা লুট এবং প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই এই ঘটনাগুলো ঘটছে।’

আরও পড়ুন

সামনে দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ সময় এমন ঘটনা ঘটলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়বে।’ সরকারকে বিষয়টি সংকট হিসেবে নিয়ে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে তা মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘বিগত দুই বছর বিশেষ করে দুর্গাপূজার আগে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে বসা হয়েছে, যাতে করে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়। তেমন ব্যবস্থা আমরা এখন দেখতে পাচ্ছি না, যে কারণে নাগরিক হিসেবে উদ্বেগ তৈরি হচ্ছে।’

সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার যে দাবি করেছে, তার সমালোচনা করে তিনি বলেন, ‘ঢাকা মহানগর পুলিশের তথ্য তো সেটা বলছে না। একটা হচ্ছে রাজনৈতিক বক্তব্য, আরেকটা হচ্ছে তথ্য। আমার তথ্য তো সেটা বলছে না।’

অপরাধ সংঘটনের আগেই যথাযথ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘কোনো ঘটনা ঘটার পরপরই আসামিরা গ্রেপ্তার হলে অন্যরা অপরাধ করার আগে দুইবার চিন্তা করবে। কিন্তু ব্যবস্থা না নেওয়া হলে অপরাধ বারবার ঘটবে।’

রাড্ডা ক্লিনিকের ঘটনায় দুই শতাধিক মানুষের হামলার কথা উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, ‘গ্রেপ্তার হয়েছে কয়জন? ১ শতাংশ, ২ শতাংশ।’

এনসিপির পক্ষ থেকে এসব বিষয়ে কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, দলটি সাংগঠনিক শক্তিবৃদ্ধি ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি জনগণের যেকোনো অসুবিধায় পাশে দাঁড়ানোর কাজ করছে।

রাড্ডা ক্লিনিকের প্রসঙ্গে তিনি বলেন, ‘যথেষ্ট আওয়াজ না তুললে ও এমন ঘটনাগুলোকে যথাযথভাবে তুলে না ধরলে, আলোচিত না হলে এ দেশে বিচার পাওয়া যায় না।’ ঢাকার বাইরের প্রত্যন্ত অঞ্চলেও এমন বহু ঘটনা ঘটছে, যেগুলো গণমাধ্যমে না আসায় ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad