বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
তিনি অবিলম্বে আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
শুক্রবার এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ অক্টোবর পবিত্র ওমরা পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছার পর তিনি অন্য যাত্রীদের মতো হয়রানি ও ভোগান্তির শিকার হন। এর প্রতিবাদে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের হয়রানি বন্ধের দাবি জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে ঘটনার তদন্ত করা হবে। অথচ তদন্ত শুরুর আগেই ১ অক্টোবর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ‘তার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। যাত্রীদের অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ, দীর্ঘ সময় অপেক্ষায় রাখা, অসম্মানজনক আচরণ, লাগেজ নিয়ে হয়রানি, মূল্যবান সামগ্রী হারানোর অভিযোগ, প্রয়োজনীয় তথ্যের ঘাটতি ও এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘোরানোর অভিযোগ রয়েছে। নারী, অসুস্থ ও বয়স্ক যাত্রীরাও অতিরিক্ত ভোগান্তির শিকার হন।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানসহ বহু যাত্রীর ভোগান্তির ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার জন্য দায়ীদের চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠার দাবি জানান তিনি।


