গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ফিশিং বোটসহ ১৩ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ফিশিং বোটসহ ১৩ জেলে উদ্ধার
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার নৌযানসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাত’ নামের মাছ ধরার নৌযানটি ১৩ জন জেলেসহ টেকনাফ থেকে মাছ ধরার জন্য সমুদ্রে যায়। মাছ ধরা শেষে গত সোমবার বিকাল ৪টার দিকে পোতাশ্রয়ে ফেরার সময় সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে নৌযানটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে নৌযানটি সমুদ্রে ভাসতে থাকে। এ সময় নৌযানে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘’জরুরি ফোন পেয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস সৈয়দ নজরুল উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে সেন্টমার্টিন থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা নৌযানসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।’

তিনি জানান, উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। পরে নৌযানসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, ‘জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad