হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে জাবির ছাত্রশক্তি নেতা বহিষ্কার

হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে জাবির ছাত্রশক্তি নেতা বহিষ্কার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানানোর অভিযোগে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পরে কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যান এবং সেখান থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে রাব্বি হোসেনকে বহিষ্কারের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের মূলনীতি, নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাব্বি হোসেনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীর ফেসবুক পোস্টে মন্তব্য করেন রাব্বি হোসেন। ওই মন্তব্যে তিনি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। বিষয়টি ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে।

আরও পড়ুন

এরপর কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। পরে প্রক্টর কার্যালয় থেকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তবে নিজের মন্তব্যের ব্যাখ্যায় রাব্বি হোসেন বলেন, শেখ হাসিনাকে ‘শুভ জন্মদিন, আপা’ মন্তব্যটি তিনি সার্কাজম হিসেবে করেছিলেন।

তিনি দাবি করেন, শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ডের বিরোধিতা করেছেন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সরাসরি অংশ নিয়েছেন। পাশাপাশি আওয়ামী লীগের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না বলেও জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম বলেন, তারা জানতে পেরেছেন যে রাব্বি হোসেন শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পরে শিক্ষার্থীরা তাকে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসে। বর্তমানে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad