বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের মুখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
এতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে চার বছর মেয়াদে সিকৃবির উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।
২০২৪ সালের ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক মো. আলিমুল ইসলাম।
তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অপসারণের দাবিতে গত দুই সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সেই আন্দোলনের পর নতুন এই উপাচার্য নিয়োগ দেওয়া হলো।


