চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসলে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে সদর উপজেলার দিয়ার-ধাইনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরবর্তী সময়ে স্থানীয়দের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর-ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সামিউল ইসলাম সান (১৯) এবং একই এলাকার আব্দুস সোবহানের ছেলে সাব্বির রহমান (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সামিউল ও সাব্বিরসহ কয়েকজন মহানন্দা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা সাঁতার কাটতে কাটতে নদীর মাঝামাঝি চলে গেলে স্রোতের টানে ভেসে যান। ঘটনাটি বুঝতে পেরে স্থানীয়রা তাদের উদ্ধারে নামেন এবং আধা ঘণ্টা পর দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
পরবর্তী আইনি ব্যবস্থার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, বিষয়টি গোদাগাড়ী নৌ-পুলিশকে জানানো হয়েছে।
গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জীবন চন্দ্র রায় বলেন, নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে এবং নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


