জবির বাসে সিট দখল বন্ধে কঠোর নির্দেশনা, র‍্যাগিংয়েও শাস্তি

জবির বাসে সিট দখল বন্ধে কঠোর নির্দেশনা, র‍্যাগিংয়েও শাস্তি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন সেবায় সিট দখল, নবীন শিক্ষার্থীদের আসন পেতে বাধা দেওয়া ও হেনস্তা বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব কর্মকাণ্ডকে র‍্যাগিং হিসেবে গণ্য করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারিক বিন আতিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একতলা, দ্বিতল ও বিআরটিসি থেকে ভাড়া করা বাসে আগে থেকে খাতা, কলম, পানির বোতল, ব্যাগ, মানিব্যাগ বা শিট রেখে সিট দখলের চর্চা লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে বাস কমিটির প্রভাব খাটিয়ে নবীন শিক্ষার্থীদের আসন পেতে বাধা দেওয়া ও হেনস্তার বিষয়টিও প্রশাসনের নজরে এসেছে।

প্রশাসন বলছে, এ ধরনের আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, সাধারণ শিষ্টাচার ও পারস্পরিক সৌহার্দ্যের পরিপন্থী। কোনো শিক্ষার্থীর ওপর প্রভাব বিস্তার কিংবা সিট দখলের নামে অসম আচরণকে র‍্যাগিংয়ের শামিল হিসেবে বিবেচনা করা হবে। এসব কর্মকাণ্ড শৃঙ্খলাভঙ্গ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবেও গণ্য হবে।

আরও পড়ুন

নির্দেশনায় বাসের সিটে ব্যক্তিগত জিনিসপত্র রেখে আগেভাগে সিট দখল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। জুনিয়র বা নবীন শিক্ষার্থীদের বসতে বাধা দেওয়া, বাস কমিটির প্রভাব খাটানো কিংবা কোনো ধরনের মানসিক বা শারীরিক হেনস্তা করা যাবে না। এসব ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবায় চলাচলকারী কোনো যানবাহনের ভেতরে ধূমপান, মাদকদ্রব্য বহন ও সেবন নিষিদ্ধ করা হয়েছে। নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শিক্ষার্থীদের জন্য বাসের দরজা খুলে দিতে চালক ও হেলপারদের নির্দেশ দেওয়া হয়েছে।

বাসে অবৈধভাবে সিট দখল কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতেও চালক ও পরিবহনকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থী, চালক ও পরিবহনকর্মীদের এসব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad