সৌদি আরবের কাছে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার মূল্যের ৪৮টি এফ-৩৫ লাইটনিং ২ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য প্রস্তাবে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তর জানায়, এই প্রস্তাবিত বিক্রির মধ্যে মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান লকহীদ মার্টিনের তৈরি ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমানের পাশাপাশি প্র্যাট অ্যান্ড হুইটনির তৈরি ৪৯টি ইঞ্জিন, যোগাযোগ সরঞ্জাম, যন্ত্রাংশ ও বিভিন্ন সহায়তা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।
অনলাইনে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র দপ্তর দাবি করে, সামরিক সরঞ্জাম ও সহায়তা সেবা বিক্রির এই প্রস্তাবটি মধ্যপ্রাচ্য অঞ্চলে মৌলিক সামরিক ভারসাম্য বিনষ্ট করবে না।
কূটনৈতিক স্থবিরতার পাশাপাশি তেহরান কর্তৃক হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি এবং ইয়ামেনের হুতি বিদ্রোহীদের বাবেল মান্দেব প্রণালিতে হুমকি ও সৌদি আরবে হামলার প্রেক্ষিতে এই সামরিক প্রস্তুতি বাড়ানো হচ্ছে।


