ভোর থেকে ঝোড়ো বাতাস ও বজ্রপাতের পর ঢাকায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টির প্রভাবে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে।
সকাল ৭টার পর বৃষ্টি আরও বাড়ে। এতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। দ্রুত সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ধীর হয়ে পড়ে। সকালে গণপরিবহনের সংখ্যাও কমে যায়।
ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও নিম্ন আয়ের কর্মজীবীরা। অনেকে গন্তব্যে যেতে অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হন। কেউ কেউ পানি জমে থাকা সড়ক দিয়ে হেঁটে গন্তব্যে পৌঁছান।
এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
মধ্যরাতে ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। তাপমাত্রায় তেমন পরিবর্তন হয়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েক দিনে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।


