রাজধানীর ভিন্ন স্থান থেকে ৫ মরদেহ উদ্ধার

রাজধানীর ভিন্ন স্থান থেকে ৫ মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর সবুজবাগ, ভাটারা, ডেমরা, যাত্রাবাড়ী ও আজিমপুর থেকে দুই নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতরা হলেন সবুজবাগের গৃহবধূ আফরোজা আইরিন (৪৮), ভাটারার প্রবাস ফেরত তামিম মোস্তফা (২২), ডেমরার ব্যবসায়ী জীবন মিয়া (৩৩), যাত্রাবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তি (২৫) ও আজিমপুরের বৃদ্ধা আঙ্গুর নেছা (৭২)।

নিহত আফরোজার বাবার নাম একেএম আনোয়ারুল্লাহ। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এখলাসপুর। বর্তমানে সবুজবাগ বাসাবো আহমেদবাগ এলাকার একটি বাসায় থাকতেন।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, বুধবার দুপুরে মুগদা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার ডান হাতের কনুইয়ের পেছনে কালো দাগ, ডান হাতের বিভিন্ন জায়গায় কালো দাগ রয়েছে। গত ১৪ সেপ্টেম্বর রাতে তার সঙ্গে সৎ ভাই ও ভাবির তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তাদের ধাক্কায় তিনি ইটের রাস্তার ওপর পড়ে অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে মুগদা হাসপাতালে নিয়ে ভর্তি করান। বুধবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ভাটারায় নিহত তামিমের বাবার নাম কামাল মোস্তফা। তার বাড়ি জয়পুরহাটের পাচঁবিবি থানা এলাকায়। সুরতহাল প্রতিবেদনে এসআই মো. সেলিম শাহ উল্লেখ করেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বুধবার রাতে ভাটারা কুড়িল বিশ্বরোড এলাকার একটি মেস থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে জানা গেছে, মালয়েশিয়া থেকে ফেরত আসার পর থেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। এই কারণেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন

ডেমরার জীবন মিয়ার বাবার নাম আব্দুল মজিদ মিয়া। তার বাড়ি নারায়ণগঞ্জের রুপগঞ্জ মুড়াপাড়া দড়িকান্দি এলাকায়। অটোরিকশার ব্যবসা ও মাছের খামার রয়েছে তার।

সুরতহাল প্রতিবেদনে এসআই আবুল কালাম উল্লেখ করেন, বৃহস্পতিবার সকালে ডেমরা পশ্চিম হাজীনগর প্রাইম কেয়ার ডায়াগোনেস্টিক সেন্টারের পাশে ক্যানেলপাড় সংলগ্ন ডিঅ্যান্ডডি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। খালের পাশে একটি বিদ্যুতের খুঁটি রয়েছে। ধারণা করা হচ্ছে, গোড়ায় পানি জমে থাকায় সেই খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে ছিল। যখন জীবন সেই খুঁটিতে হাত দেন, তখন বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে মারা যান।

এদিকে যাত্রাবাড়ীর এসআই মো. জাকির হোসেন উল্লেখ করেন, শনিরআকড়া রাস্তার আইল্যান্ডেরর ওপর থেকে বৃহস্পতিবার সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক (২৫)। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

সর্বশেষ, লালবাগ আজিমপুর রোডের একটি বাড়ির ৮ম তলার বেলকুনি থেকে বৃহস্পতিবার বিকালে নিচে পড়ে যান আঙ্গুর নেছা নামে ৭২ বছর বয়সি এক বৃদ্ধা। পরে তার ছেলে মোর্তজা কামাল তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যায় মৃত ঘোষণা করেন। তার স্বামীর নাম মৃত হাজী আলী আক্কাস।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad