পোলট্রি মুরগি ও ডিমের উৎপাদন ব্যয়ের তুলনায় ন্যায্যমূল্য না পাওয়া, বাজারে করপোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাব এবং পোলট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নরসিংদীর শিবপুরে মানববন্ধন করেছেন পোলট্রি খামারি ও ডিলাররা। পরে তারা মহাসড়কে ডিম ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান।
মঙ্গলবার দুপুরে শিবপুর উপজেলার ইটাখোলা হাইওয়ে সড়কে নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক খামারি, ডিলার ও ব্যবসায়ী অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা পোলট্রি খামার রক্ষা, সিন্ডিকেট নিয়ন্ত্রণ, উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্য নিশ্চিত, পোলট্রি খাদ্যের মূল্য কমানো এবং করপোরেট প্রতিষ্ঠানের ডিম উৎপাদন বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। একপর্যায়ে তারা নিজেদের উৎপাদিত ডিম সড়কে ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান।
খামারিরা বলেন, পোলট্রি খাদ্য, একদিনের বাচ্চা ও ওষুধের দাম বাড়লেও ডিম ও মুরগির ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না। উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যে বড় ব্যবধান তৈরি হওয়ায় ক্ষুদ্র ও মাঝারি খামারিরা লোকসানে পড়ছেন। অনেকে খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন।
তাদের অভিযোগ, মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও করপোরেট প্রতিষ্ঠানের প্রভাবের কারণে উৎপাদকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
পোলট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, দেশের খাদ্যনিরাপত্তা ও প্রাণিজ আমিষের অন্যতম ভিত্তি পোলট্রি খাতকে টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারা দেশের খামারিদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি মো. ওসমান মিয়া, সহসভাপতি সাইদুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, শিবপুর উপজেলা পোলট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া এবং পোলট্রি ব্যবসায়ী রাসেল মুন্সিসহ বিভিন্ন উপজেলার নেতারা।


