জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম সংস্কার বাস্তবায়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সব স্তরে গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করা এবং চব্বিশসহ সব গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
বুধবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ৫ আগস্ট দেশের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন, যা দেশের মানুষের দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক।
বিবৃতিতে নাহিদ পলাশীর যুদ্ধ, তিতুমীরের আন্দোলন, হাজী শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলন, হাবিলদার রজব আলীর বিদ্রোহ, লাহোর প্রস্তাব এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতার কথা তুলে ধরেন।
তিনি দাবি করেন, স্বাধীনতার পরও জনগণের প্রত্যাশিত ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। তার ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে দেশে গণতন্ত্র, সুশাসন ও রাষ্ট্রব্যবস্থা বিভিন্ন সংকটের মুখে পড়ে।
কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গণআন্দোলন গড়ে ওঠে এবং এর মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন ঘটে।
নাহিদ আরও বলেন, জুলাই বিপ্লবের দুই বছর পরও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তার অভিযোগ, সরকারের দলীয়করণ, সংস্কারবিরোধী অবস্থান, ক্ষমতার কেন্দ্রীকরণ এবং প্রশাসনিক অদক্ষতার কারণে দেশ নতুন সংকটের মুখোমুখি হয়েছে।
তিনি সরকারের প্রতি গণভোটে প্রদত্ত জনরায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রের সব স্তরে গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করা, সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি পরিহার এবং চব্বিশসহ সব গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
বিবৃতির শেষাংশে নাহিদ শহীদদের স্মরণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মর্যাদাভিত্তিক দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


