দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ও প্রধান অপরিশোধিত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকায়ন ও সম্প্রসারণে ১ দশমিক শূন্য শূন্য ৪ বিলিয়ন ডলার অর্থায়ন দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)।
বৃহস্পতিবার বাংলাদেশ সরকার ও আইডিবির মধ্যে ‘বাংলাদেশের ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ’ প্রকল্পের জন্য অর্থায়ন চুক্তি সই হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং আইডিবির পক্ষে দেশীয় কর্মসূচি বিভাগের মহাপরিচালক আনাসে আসিমি চুক্তিতে সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আইডিবি গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন।
পরিশোধন সক্ষমতা হবে তিন গুণ
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে ইস্টার্ন রিফাইনারির বর্তমান পরিশোধন সক্ষমতা ১ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টন থেকে বেড়ে ৪ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টনে উন্নীত হবে।
এর ফলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে পরিবেশবান্ধব ইউরো-৫ মানসম্পন্ন পেট্রোলিয়াম তেল উৎপাদনের সক্ষমতা তৈরি হবে। বাড়তি পরিশোধন সক্ষমতার ফলে পরিশোধিত জ্বালানি তেলের আমদানিনির্ভরতাও কমবে।
বাংলাদেশে আইডিবির সর্বোচ্চ একক বিনিয়োগ
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানিয়েছে, বাংলাদেশে কোনো একক প্রকল্পে এটিই আইডিবির সর্বোচ্চ বিনিয়োগ। সরকারের আশা, এই অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ ও আইডিবির চলমান উন্নয়ন সহযোগিতার সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে।
আইডিবি বাংলাদেশের অন্যতম প্রধান ও বিশ্বস্ত বহুপাক্ষিক উন্নয়ন অংশীদার। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি অনুদান, প্রকল্প ঋণ, বাণিজ্য অর্থায়ন, বেসরকারি খাতের অর্থায়ন এবং রপ্তানি ঋণ গ্যারান্টিসহ বিভিন্ন উপায়ে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা দিয়ে আসছে।
সহজ শর্তে অর্থায়নে গুরুত্ব
অর্থায়ন চুক্তি সইয়ের পরপরই আইডিবি গ্রুপের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে আল জাসের বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করেন। প্রধানমন্ত্রীও সহজ শর্তে অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশ ও আইডিবির সম্পর্ক আরও গভীর করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


