খুবিতে ২ দিনব্যাপী স্কলারশিপ ফেস্টিভ্যাল

খুবিতে ২ দিনব্যাপী স্কলারশিপ ফেস্টিভ্যাল
ছবি: টাইমস
Advertisement
Advertisement

আন্তর্জাতিক স্কলারশিপ সম্পর্কে তথ্য ও প্রস্তুতির দিকনির্দেশনা দিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল ২০২৬ (সিজন-১)’ অনুষ্ঠিত হয়েছে।

খুলনা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির (কেইউআরএস) উদ্যোগে ৪ ও ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ আয়োজন হয়।

শনিবার সমাপনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ‘বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। টিকে থাকতে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে প্রস্তুত হতে হবে। মানসম্মত গবেষণাপত্র প্রকাশ আন্তর্জাতিক স্কলারশিপ পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি শিক্ষা ও গবেষণায় আধুনিক সুযোগ-সুবিধার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নাজমুস সাদাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খানসহ অন্য অতিথিরা। বক্তারা শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ, ক্রিটিক্যাল থিংকিং, ইংরেজি দক্ষতা ও গবেষণার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুন

কেইউআরএসের সভাপতি চয়ন বক্সী বলেন, ‘সঠিক তথ্য ও প্রস্তুতির অভাবে অনেকে আন্তর্জাতিক স্কলারশিপের সুযোগ কাজে লাগাতে পারেন না। প্রয়োজনীয় তথ্য ও প্রস্তুতির দিকনির্দেশনা দিতেই এ আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

অনুষ্ঠানে কেইউআরএসের উপদেষ্টা অধ্যাপক মো. মতিউল ইসলাম, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাউদ্দীন, প্রতিষ্ঠাতা মো. ইয়াছিন আহমেদ, সভাপতি চয়ন বক্সীসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেস্টিভ্যালে ইরাসমাস মুন্ডুস, কমনওয়েলথ), ডাড, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ও জাপান সরকারের মেক্সট স্কলারশিপের আবেদন প্রক্রিয়া ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি স্টেটমেন্ট অব পারপাস, রিকমেন্ডেশন লেটার ও একাডেমিক সিভি তৈরির বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর