রাজধানীর শনিরআখড়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে আসলাম খান (৩৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে এক ব্যক্তি। এতে তিনি আহত হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে কদমতলী থানার জিয়া স্মরণী রোডে এ ঘটনা ঘটে। আহত আসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের চাচাতো ভাই মো. মিরাজ খান বলেন, শনিরআখড়া জিয়া স্মরণী রোডে আসলামের কুকারিজের ব্যবসা রয়েছে। রাতে দোকানের ভেতরে এক ক্রেতার সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় এক ব্যক্তি দোকানে ঢুকে আসলামকে লক্ষ্য করে গুলি করে। এতে তার বাম হাত ও ডান গালে গুলি লাগে।
মিরাজ বলেন, স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আসলামকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। কেন তাকে গুলি করা হয়েছে, তা স্বজনরা জানেন না। তবে গুলি করে পালানোর সময় স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করেন।
কদমতলী থানার ওসি (তদন্ত) সজিব কুমার বাড়ৈ বলেন, ‘জিয়া স্মরণী রোডে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। গুলি ও অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।’


