রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে, বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
নিহতের নাম মো. আলম শেখ। তার বয়স ৪১ বছর। তার গ্রামের বাড়ি নাটোর জেলায় বলে জানিয়েছে পুলিশ। এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে মোস্তাফিজুর রহমান অয়ন নামের একজনকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান এখবর নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত মূলহোতাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে, তারা এলে মামলা হবে।
জানা গেছে, বুধবার রাত ১১টায় আলম শেখ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাকে ‘শিশু চোর’ বলে সন্দেহ করে হাসপাতালে আসার কারণ জানতে চায়। তিনি কোনো উত্তর দিতে না পারায় শিশুদের স্বজনেরা ক্ষুব্ধ হয়ে তাকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকেন। এসময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত আলম শেখকে উদ্ধার করে। পরে সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ জানায়, নিহতের আঙ্গুলের চাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি নাটোর জেলার বাসিন্দা। তার পরিবারের সদস্যদের ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে। তাকে উদ্ধারের পর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


