রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১১৭টি মোবাইল ফোনসেট উদ্ধার ও জব্দ করা হয়েছে।
হারানো বা চুরি হওয়া ফোনের মালিকদের উদ্ধার করা ফোনের তালিকার সঙ্গে নিজেদের ফোনের আইএমইআই নম্বর মিলিয়ে দেখার আহ্বান জানিয়েছে ডিবি। বৃহস্পতিবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগ থানার একটি মামলার তদন্তের অংশ হিসেবে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১৭টি মোবাইল ফোনসেট উদ্ধার ও জব্দ করেছে।
উদ্ধার করা ফোনগুলোর মধ্যে স্যামসাং, ভিভো, রেডমি, রিয়েলমি, অপো, টেকনো, আইটেল, ইনফিনিক্স, হুয়াওয়ে, আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ফোন রয়েছে। তালিকায় একাধিক ফোনের আইএমইআই নম্বর দেওয়া হয়েছে।
কয়েকটি ফোনে আইএমইআই নম্বর নেই বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া একটি লকড আইফোন ১৩ এবং ভাঙা ডিসপ্লে গ্লাসের একটি রিয়েলমি ফোনও তালিকায় রয়েছে।
ডিবি জানায়, হারানো বা চুরি হওয়া ফোনের মালিকরা তালিকায় দেওয়া আইএমইআই নম্বরের সঙ্গে নিজেদের ফোনসেটের আইএমইআই নম্বর মিলিয়ে দেখতে পারবেন।
নিজের ফোন শনাক্ত হলে মালিকানার প্রমাণসহ সংশ্লিষ্ট আদালতে আবেদন করতে হবে। আদালতের আদেশ পাওয়ার পর আদেশের কপি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ফোন বুঝে নেওয়া যাবে।
উদ্ধার হওয়া ১১৭টি ফোনের পূর্ণাঙ্গ তালিকা প্রতিটি ফোনের ব্র্যান্ড ও আইএমইআই নম্বর উল্লেখ করা হয়েছে। ফোনের মালিকদের তালিকাটি সতর্কতার সঙ্গে যাচাই করে নিজেদের ফোন শনাক্ত করার অনুরোধ জানিয়েছে ডিবি।


