ভারতকে হারানোই বাংলাদেশের লক্ষ্য: মিশু

ভারতকে হারানোই বাংলাদেশের লক্ষ্য: মিশু
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭-এর চূড়ান্ত পর্বে ওঠার সমীকরণ কঠিন। তবে ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। প্রধান কোচ আতিউর রহমান মিশু এ কথা জানিয়েছেন।

রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে শনিবার উজবেকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশনের ১ নম্বর অনুশীলন মাঠে শেষ অনুশীলন করেছে দলটি। স্থানীয় সময় বিকাল ৪টায় অনুশীলন শুরু হয়।

প্রথম দুই ম্যাচে হেরে পরের পর্বে ওঠার আশা কঠিন হয়ে গেছে বাংলাদেশের। মিশু বলেন, ‘পরের পর্বে ওঠার পরিস্থিতি খুব জটিল। অনেক কিছুর ওপর এটি নির্ভর করছে। তবে আমরা প্রতিটি ম্যাচ জয়ের জন্য খেলি। প্রথম দুই ম্যাচে হেরেছি। এখন ভারতের বিপক্ষে জেতাই আমাদের লক্ষ্য।’

প্রথম দুই ম্যাচে পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে শুরুতেই গোল করতে চান মিশু।

তিনি বলেন, ‘প্রথমে আমাদের গোল করতে হবে। প্রথম গোল করাই আমাদের লক্ষ্য। এরপর পরের গোল নিয়ে ভাবব।’

দায়িত্ব নেওয়ার পর মাত্র দুই দিনের অনুশীলনে বড় পরিবর্তন আনা সম্ভব নয় বলে জানান মিশু। গত তিন বছর ধরে দলের অনেক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছেন তিনি। তাই আপাতত খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানোর দিকে জোর দিচ্ছেন।

মিশু বলেন, ‘দুই দিনের অনুশীলনে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব নয়। এই ছেলেদের আমি দীর্ঘদিন ধরে চিনি। গত তিন বছর তাদের সঙ্গে কাজ করেছি। তাই এখন তাদের অনুপ্রাণিত করার চেষ্টা করছি। এটিই আমার মূল পরিকল্পনা।’

আরও পড়ুন

ভারতের খেলার ভিডিও বিশ্লেষণ করেছে বাংলাদেশ। সাফের আগের ম্যাচসহ চলতি টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচের ফুটেজ দেখেছেন খেলোয়াড়েরা। ভারতের আক্রমণভাগ, বিশেষ করে শেষ তৃতীয়াংশে খেলোয়াড়দের নড়াচড়া ও স্ট্রাইকার-মিডফিল্ডারদের অবস্থান বদলকে হুমকি মনে করছেন মিশু।

তিনি বলেন, ‘সাফের ম্যাচ ও শেষ দুই ম্যাচের ভিডিও খেলোয়াড়দের দেখিয়েছি। ভারতের দুর্বলতাগুলো নিয়ে আলোচনা করেছি। এখন ওই জায়গাগুলোতে আক্রমণ করার চেষ্টা করব।’

প্রথম দুই ম্যাচে লো বা লো-মিড ব্লকে খেলা বাংলাদেশের দুর্বলতা ছিল বলে স্বীকার করেন মিশু। আগের ম্যাচে প্রচণ্ড গরমেও খেলোয়াড়দের পারফরম্যান্স ধরে রাখা কঠিন হয়েছিল।

তিনি বলেন, ‘আমরা এসব দুর্বলতা কাটিয়ে পরের ম্যাচে ভালো শুরু করার চেষ্টা করব।’

ফরোয়ার্ড আদম আব্বাসও জয়ের প্রত্যয় জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের কোচের পরিকল্পনা অনুসরণ করতে হবে। তাঁর কথা শুনে দল হিসেবে খেলতে হবে। রক্ষণ, আক্রমণ ও বেশি সুযোগ তৈরি করতে হবে। ইনশা আল্লাহ, আমরা জিতব।’

বাংলাদেশ-ভারত ম্যাচের গুরুত্ব স্বীকার করলেও আব্বাস সতীর্থদের ম্যাচেই মনোযোগ রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের জার্সি পরলেই আমরা নিজেদের সেরাটা দিতে অনুপ্রাণিত হই। মূল বিষয় হলো ম্যাচটি খেলা, উপলক্ষ নয়।’

রোববার বাংলাদেশ সময় বিকেল ৫টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর