মানব পাচারের কৌশল মোকাবিলায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানব পাচারের কৌশল মোকাবিলায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ফটো
Advertisement
Advertisement

ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনের ভুয়া প্রলোভন ব্যবহার করে সক্রিয় আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, সাইবারভিত্তিক মানব পাচার প্রতিরোধে শিগগিরই বিশেষ সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার রাজধানীর গুলশানে জাতিসংঘ ভবনে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আয়োজিত ‘বিশ্ব মানব পাচারবিরোধী দিবস’ উপলক্ষে ‘লিসেন’ শীর্ষক আলোকচিত্র গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানব পাচার ব্যক্তির স্বাধীনতা, মর্যাদা ও সমাজের ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করে। প্রযুক্তিনির্ভর এ অপরাধ মোকাবিলায় আইন প্রয়োগের পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা ও জনসচেতনতা বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, ‘লিসেন’ গ্রন্থে উঠে আসা ভুক্তভোগীদের অভিজ্ঞতা মানব পাচার প্রতিরোধে জাতীয় অঙ্গীকার আরও শক্তিশালী করবে।

আরও পড়ুন

চলতি বছরের প্রতিপাদ্য ‘ট্র্যাপড বিহাইন্ড দ্য স্ক্যাম’ উল্লেখ করে তিনি বলেন, সংঘবদ্ধ অপরাধী চক্র এখন মানুষকে সীমান্ত পেরিয়ে প্রতারণামূলক কাজ, সাইবার স্ক্যাম ও দাসত্বমূলক শ্রমে বাধ্য করছে।

তিনি জানান, এ চ্যালেঞ্জ মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই ‘কাউন্টারিং সাইবার এনাবেল্ড হিউম্যান ট্রাফিকিং থ্রু টেকনোলজি’ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে। এর মাধ্যমে ডিজিটাল মাধ্যমে পরিচালিত পাচার দ্রুত শনাক্ত, আইনি ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো একক দেশ বা সরকারের পক্ষে মানব পাচার দমন সম্ভব নয়। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইওএমের উপ-মহাপরিচালক (অপারেশনস) উগোচি ড্যানিয়েলস, কইকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারোল ফ্লোর-স্মেরেসনিয়াক এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন লরা টম বন্ডে বক্তব্য দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ‘লিসেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

‘লিসেন’ দেশে মানব পাচারের শিকার নারী, পুরুষ ও শিশুদের অভিজ্ঞতা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রথম তথ্যচিত্রভিত্তিক আলোকচিত্র গ্রন্থ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad