ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করছে ছাত্রদল: নাহিদ

ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করছে ছাত্রদল: নাহিদ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

শিক্ষাপ্রতিষ্ঠানে হল দখল ও আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

তার দাবি, ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করছে।

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘ফ্রম রেজিস্ট্যান্স টু ভিক্টরি: লেগ্যাসি অব জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘ক্যাম্পাসে নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়েছে। হল দখলের পাঁয়তারা চলছে। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলা হয়েছে। ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী। হবিগঞ্জে আমাদের ভাই আলিফের চোখ উপড়ে ফেলেছে।’

আরও পড়ুন

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ছাত্রদের সঙ্গে কোনো ঝামেলায় জড়াবেন না। শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনা করতে দিন। শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক ধারা বজায় রাখুন। কর্মসংস্থানের ব্যবস্থা করুন। সরকার যদি মনে করে সবকিছু দখল করবে, তার পরিণতি ভালো হবে না। শেখ হাসিনাও এমনটি ভেবেছিলেন। এর পরিণতি আপনারা দেখেছেন।’

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই বিপ্লবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। তারা গণঅভ্যুত্থানের ট্রাম্প কার্ডের মতো কাজ করেছে। ১৭ জুলাই দমন-পীড়নের পর অনেকেই ভেবেছিলেন আন্দোলন আর এগোবে না। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই ধারণা ভুল প্রমাণ করেছে। তাদের আত্মত্যাগের স্বীকৃতি ও যথাযথ ডকুমেন্টেশন প্রয়োজন। দুঃখজনক হলেও এ সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad