টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার গোলাম নবী, মোল্লা বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা, সাংবাদিক খান মোহাম্মদ সালেক, কবি ফেরদৌস সালাম, প্রফেসর জে আলী প্রমুখ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম।
তৌফিকুজ্জামান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন টাইমস অব বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ হোসেন এবং সদস্যসচিব অ্যাডভোকেট আজিজুর রহমান।

এদিন সাইফুল ইসলাম সবুজকে সভাপতি এবং মাহবুব এইচ শাহীনকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল সোসাইটি, ঢাকার ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
পরে ঢাকাস্থ টাঙ্গাইলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


