জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের (৫৫তম ব্যাচ) র্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ৫৪তম ব্যাচের আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ২০ জুলাই রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পুরাতন কলা ভবনের পাশের একটি কক্ষে নিয়ে যান। সেখানে তাদের সঙ্গে মানসিকভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(৬) ধারা অনুযায়ী, হল, বিভাগ কিংবা ক্যাম্পাসে টিজিং, র্যাগিং ও যেকোনো ধরনের নির্যাতনমূলক কর্মকাণ্ড নিষিদ্ধ। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট আট শিক্ষার্থীর বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন মো. ফজলে হাসান ফাহাদ, মো. আল-আমিন হোসাইন, মো. জাহিদ হাসান, মো. ফয়সাল আহমেদ, মো. মাহমুদুল হাসান খান আকিব, মো. মাহমুদুল আমিন সিয়াম, মো. মোস্তাফিজুর রহমান ও সৈয়দ সাকিব আহমেদ রাতুল। তারা সবাই পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে থাকেন।
অফিস আদেশে ঘটনার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।


