পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বিজিএমইএ'র প্রতিনিধিদল। ছবি: পিএমও
Advertisement
Advertisement

দেশের পোশাক শিল্পের বিকাশে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বিজিএমইএর প্রতিনিধিদল পোশাক শিল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিতসহ বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে। পাশাপাশি তা সমাধানে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিভিন্ন প্রস্তাবও উপস্থাপন করা হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, পোশাক শিল্পের সমস্যাগুলো দীর্ঘদিনের পুঞ্জীভূত। এসব সমস্যা সমাধানে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। যেসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ শিল্পের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতির গতি আরও বাড়বে এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। এ লক্ষ্যেই সরকার শিল্পটির টেকসই উন্নয়নে কাজ করছে।

প্রধানমন্ত্রী ব্যবসা-বাণিজ্যবান্ধব বাজেট প্রণয়নের বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরে বলেন, জনগণ ও ব্যবসায়ীদের সমস্যা সমাধানের লক্ষ্য নিয়েই বর্তমান সরকার কাজ করছে। পোশাক শিল্পের বিকাশে যা যা প্রয়োজন, সরকার তা করবে।

বৈঠক শেষে বিজিএমইএর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম উপদেষ্টা মাহাদী আমিন এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad