দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে দুইজন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা যান।
রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৪১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জনে। গত একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৮৮৯ জন রোগী এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৬৫ জন।
বিগত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে আক্রান্ত ও ভর্তির হার সবচেয়ে বেশি দেখা গেছে। ঢাকায় নতুন করে ৪৩৫ জন সন্দেহজনক ও ৬২ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ১৯২ জন, বরিশালে ১০৬ জন, ময়মনসিংহে ৬০ জন, সিলেটে ৫৭ জন, খুলনায় ৪৬ জন, রাজশাহীতে ৩৩ জন এবং রংপুর বিভাগে ১২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ২০৭ জনে। ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৭১০ জনের। এই সময়ের মধ্যে সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৯ জনে, নিশ্চিতভাবে হামজনিত কারণে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে সর্বমোট ৮২ হাজার ৮৪৪ জন হাম রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ১৫২ জন।


