নোয়াখালীর চাটখিলে পাঁচ বছর বয়সী শিশু আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় তার চাচাতো ভাই মোহাম্মদ শাহাদাতকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ রায় ঘোষণা করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন দফা পেছানোর পর আজ মামলার রায় ঘোষণা করা হয়েছে। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রায়টি দ্রুত কার্যকর করারও দাবি জানান তিনি।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুরে চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা আক্তার। ঘটনার নয় দিন পর আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তদন্তে গ্রেপ্তার হওয়া শাহাদাত আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, ধর্ষণের পর ঘটনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় সে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখে।
নিহত আসমা মাওলানা মো. শাহজাহানের মেয়ে। দণ্ডপ্রাপ্ত শাহাদাত একই গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং নিহতের চাচাতো ভাই।


