বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে চাকমা, মারমা ও ত্রিপুরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষার পরিচিতি ও বর্ণমালা শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন করেন ২০৩ পদাতিক ব্রিগেড, খাগড়াছড়ি সেনানিবাসের রিজিয়ন কমান্ডার এবং খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণ, চর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বহুভাষিক শিক্ষা, পারস্পরিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণেও ভাষা শিক্ষা ক্লাব কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


