বাকেরগঞ্জে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ তিন

বাকেরগঞ্জে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ তিন
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বালুভর্তি একট বস্তায় বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।

সোমবার ভোরে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল ৬টার দিকে দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি ও নাতি ফাহিম গুরুতর দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

আহতদের স্বজনদের ভাষ্য, ঘরের পাশে রাখা একটি বালুভর্তি বস্তার মধ্যে বিস্ফোরণটি ঘটে। এতে আগুনে দগ্ধ হয়ে আহত তিনজন প্রাণ বাঁচাতে বাড়ির সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন

শাহ আলম হাওলাদারের ছেলে জামাল বলেন, ‘ঘরের পাশে থাকা বালুর বস্তার মধ্যে বিস্ফোরণ হয়। এতে আমার মা, বোন ও ভাগনে আগুনে দগ্ধ হন। তারা প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। কীভাবে সেখানে বিস্ফোরকটি এলো, সে বিষয়ে আমাদের কিছুই জানা নেই।’

খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং বিস্ফোরণের উৎস ও কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad