কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কয়েকজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাকি আহতরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয়রা জানিয়েছেন, র দুই পাশের সীমানায় গড়ে ওঠা বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় ৩০ বছর ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বাজারের নামকরণ নিয়ে নতুন করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এরই জেরে সোমবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন।
সংঘর্ষের কারণে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পাশাপাশি জেলা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।


