শৃঙ্খলা-স্বচ্ছতায় কমিউনিটি ব্যাংককে এগিয়ে নেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শৃঙ্খলা-স্বচ্ছতায় কমিউনিটি ব্যাংককে এগিয়ে নেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
কমিউনিটি ব্যাংকের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

জনগণের আস্থা অর্জন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করে কমিউনিটি ব্যাংককে দেশের অন্যতম শীর্ষ ব্যাংকে পরিণত করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি ব্যাংকের কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের জন্য সহজ ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে কমিউনিটি ব্যাংকের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শৃঙ্খলিত বাহিনীর মাধ্যমে পরিচালিত ব্যাংকিং প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য হলো নিয়ম-কানুন ও শৃঙ্খলা মেনে চলা। কমিউনিটি ব্যাংকের খেলাপি ঋণের হার তুলনামূলক কম হওয়াকে দেশের ব্যাংকিং খাতের জন্য একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, কমিউনিটি ব্যাংককে শুধু পুলিশ সদস্যদের মধ্যে সীমাবদ্ধ রাখলে ব্যবসা ও আমানত আশানুরূপ বাড়বে না। সাধারণ আমানতকারী ও ব্যবসায়ীরা যাতে নিশ্চিন্তে ও আস্থার সঙ্গে এখানে অর্থ রাখতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে হবে।

গ্রাহকসেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ঋণ প্রদানের প্রক্রিয়া, জামানত ও ঋণ বিতরণে অপ্রয়োজনীয় জটিলতা পরিহার করতে হবে। বিশ্বস্ত গ্রাহকদের সহজ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কমিউনিটি ব্যাংকের লক্ষ্য শুধু মুনাফা অর্জন হওয়া উচিত নয়। সাধারণ মানুষকে কতটা মানসম্মত সেবা দেওয়া যাচ্ছে, সেটিও ব্যাংকের সাফল্যের অন্যতম মানদণ্ড হওয়া উচিত।

আরও পড়ুন

ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল ব্যবহারের বিষয়ে তিনি বলেন, এ অর্থ রাজনৈতিক উদ্দেশ্যে বা কাউকে খুশি করার জন্য ব্যবহার করা উচিত নয়। দেশের জন্য জীবন দেওয়া বা পঙ্গুত্ববরণ করা পুলিশ ও শৃঙ্খলিত বাহিনীর সদস্যদের পরিবারের পাশে দাঁড়াতে সিএসআর তহবিল ব্যবহারের আহ্বান জানান তিনি।

তিনি সম্প্রতি সাভারের আমিনবাজারে দুর্বৃত্তের হাতে নিহত পুলিশ সদস্যের পরিবার এবং চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দায়িত্ব পালনকালে নিহত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিবারের সহায়তায় সিএসআর তহবিল ব্যবহারের কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, পুলিশ বাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, দায়িত্বশীল আচরণ ও সঠিক দিকনির্দেশনা অনুসরণ করা হলে আগামী কয়েক বছরের মধ্যে কমিউনিটি ব্যাংক দেশের অন্যতম সেরা ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) আকরাম হোসেন খান বিপিএম এবং কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. মোরশেদ হাসান খান বক্তব্য দেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী কেক কেটে ব্যাংকের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের জন্য কমিউনিটি ব্যাংকের ‘বাইক লোন’ ও ‘স্বপ্নের বাড়ি’ শীর্ষক হোম লোন কার্যক্রমের উদ্বোধন করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad