হরমুজ প্রণালি খুলে দেওয়া ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ইরান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের কথা জানায়। কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে প্রস্তাবটি পাঠানো হয়। এতে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া ও সংঘাত বন্ধের পরিকল্পনা ছিল।
টেনেসির উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আমি তাদের চুক্তি প্রত্যাখ্যান করেছি।’
ট্রাম্প বলেন, ‘তারা দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য একটি চুক্তি করতে চায়। কারণ, তারা ভয়াবহভাবে হারছে। আমরা দারুণভাবে জিতছি।’
তিনি আরও বলেন, ‘তারা চুক্তি করতে চায়। আমিও চুক্তি করতে চাই। তারা দ্রুত হরমুজ প্রণালি খুলে দিতে চায়। কারণ, তাদের কোনো অর্থ নেই। তারা হরমুজ প্রণালি থেকেই অর্থ পায়।’
ইরানের প্রস্তাবের বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প ইরান তার শর্তগুলো পূরণ করবে কি না, তা নিয়ে সন্দিহান বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগে এক মার্কিন কর্মকর্তা ইরানের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে হওয়া আলোচনাকে ‘ইতিবাচক ও গঠনমূলক’ বলে জানিয়েছিলেন।
ইরানের প্রস্তাবে হরমুজ প্রণালি পুনরায় চালু করার পাশাপাশি পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর পরিকল্পনাও ছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র প্রস্তাব গ্রহণ করলে সাত দিনের সময়সীমা শুরু হবে।
হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি। চলমান সংঘাতের কারণে এ পথে জাহাজ চলাচল ও তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে।
সূত্র: আল জাজিরা


