আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত আমির

আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত আমির
শফিকুর রহমান | ফাইল ছবি
Advertisement
Advertisement

মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও আদালতে নেওয়ার সময় হেলমেট পরানোর ঘটনায় সরকারের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

রোববার সকালে রাজধানীর মধুবাগ খেলার মাঠে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সমালোচনা করেন।

শফিকুর রহমান বলেন, বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হেনস্তা করা হয়েছে।

তিনি বলেন, ‘তাকে গ্রেপ্তারের বিষয়টি এই দেশের মানুষ ও প্রবাসীরা হালকাভাবে নেয়নি। তিনি যে বিষয়ে কথা বলেছেন, সেটা ১০০ ভাগ সত্য।’

আদালতে নেওয়ার সময় আখতারুজ্জামানের মাথায় হেলমেট পরানো হয়েছে তাকে অপমান করার জন্য বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

জামায়াত আমির বলেন, মামলা হওয়ার পর দলটির পক্ষ থেকে মেজর আখতারের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন তিনি জানিয়েছিলেন, কোনো অন্যায় করেননি।

আখতারুজ্জামানকে ‘ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর’ উল্লেখ করে শফিকুর রহমান বলেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আদালতে নেওয়ার সময় অপমানের উদ্দেশ্যে তাকে হেলমেট পরানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রাড্ডা মেডিকেল সেন্টার ভাঙচুর ও লুটপাটের প্রসঙ্গেও সরকারের সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য সেই সংসদ সদস্যকে পদত্যাগ করানো হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।’

একই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক মন্তব্য করে শফিকুর রহমান বলেন, দেশের সব প্রতিষ্ঠান কার্যত বিধ্বস্ত অবস্থায় রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad