কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ছয়টি ট্রলিং জাল ও ৭০০ কেজি সামুদ্রিক মাছসহ ১৭ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের সদস্যরা এ অভিযান চালান।
রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ছয়টি ট্রলিং জাল ও ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭০০ কেজি সামুদ্রিক মাছসহ ১৭ জেলেকে আটক করা হয়।’
তিনি জানান, জব্দ করা ট্রলিং বোট, জাল, সামুদ্রিক মাছ ও আটক ১৭ জেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


