মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, দোকানিকে কুপিয়ে হত্যা

মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, দোকানিকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজশাহীতে আবদুল বারী (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে তার দোকানে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শনিবার রাত পৌনে দুইটার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। টাকা ভাঙিয়ে (খুচরা) দেওয়া নিয়ে পূর্বের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে নিহতের স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর নগরীর চন্ডিপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় এসে বারীর দোকানে টাকা ভাঙাতে (খুচরা) চান। তিনি টাকা ভাঙিয়ে দিতে অপারগতা প্রকাশ করলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।

এর জের ধরে রাত পৌনে দুইটার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা নিয়ে বারীর বাড়ির সামনে আসে বলে দাবি করেন স্বজনেরা। হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে ফেলে এবং পরে পেট্রোল বোমা নিক্ষেপ করে দোকানে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুন

দোকানে আগুন দেখে আবদুল বারী ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হয়ে আসেন। এ সময় হামলাকারীরা তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা চলে যাওয়ার পর স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

তিনি আরও বলেন, নিহতের লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। এজাহার পেলে অভিযুক্তদের গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad