‘রাড্ডা ক্লিনিক দখল হবে না, ধ্বংসস্তূপেই চিকিৎসা দেবেন স্বাস্থ্যকর্মীরা’

‘রাড্ডা ক্লিনিক দখল হবে না, ধ্বংসস্তূপেই চিকিৎসা দেবেন স্বাস্থ্যকর্মীরা’
ঘটনাস্থল পরিদর্শনে আসিফ মাহমুদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং স্বাস্থ্যকেন্দ্রটি পুনর্নির্মাণ করে আবার স্বাস্থ্যসেবা চালুর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার দুপুরে নেতাকর্মীদের নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী। এ সময় তিনি ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ধ্বংসস্তূপের মধ্যেও চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন।

স্বাস্থ্যকেন্দ্রের সামনে দখলদারদের টানানো সমমনা দোকানদার সমিতির সাইনবোর্ডও এনসিপির নেতাকর্মীরা অপসারণ করেন।

পরিদর্শন শেষে আসিফ মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে মা ও শিশুদের চিকিৎসা এবং টিকাদানসহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের ওষুধ, টিকা, ইনজেকশন ও চিকিৎসা সরঞ্জামও লুট করে নিয়ে যাওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবার একটি প্রতিষ্ঠানের ওপর এ ধরনের ধ্বংসযজ্ঞ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ‘এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এই ঘটনার সঙ্গে বিএনপির এমপি, সিটি করপোরেশনের প্রশাসক, স্থানীয় পুলিশ সবার ঐক্যবদ্ধ এবং সংগঠিত একটা অপরাধ এটা। এটা রাষ্ট্রের কয়েকটা প্রতিষ্ঠানের সংগঠিত অপরাধ এবং একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটা লুটতরাজ হয়েছে।’

আরও পড়ুন

আসিফ মাহমুদ বলেন, ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ভাঙচুর শুরু হওয়ার পর সেখান থেকে চলে যায়। পরে ঘটনা শেষ হওয়ার পর পুলিশ সেখানে পরিদর্শনে আসে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের পাশাপাশি দায়িত্বে অবহেলা করা ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি বলেন, ‘আপনারা যদি বিচার এবং ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে না নেন, তাহলে আমরা মনে করব এটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই অবগত আছেন এবং সবাই এটার ভাগ পাবেন।’

‘রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না’ হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ধ্বংসস্তূপের মধ্যেই মা ও শিশুদের চিকিৎসা দেবেন স্বাস্থ্যকর্মীরা।’

আসিফ মাহমুদ সরকারের প্রতি দ্রুত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের পূর্ণাঙ্গ তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়ন করে স্বাস্থ্যকেন্দ্রটি পুনর্নির্মাণ এবং সেখানে দ্রুত স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় চালুর দাবি জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad