কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার কেরুনতলী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল।
অভিযানের সময় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজি থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ফোন এবং পাচারকাজে ব্যবহৃত সিএনজিসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা, অন্যান্য আলামত এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে এবং মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক


