যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডাবলিন শহরের একটি পার্কে দ্য নিউইয়র্ক টাইমসের এক নির্বাহীকে গুলি করে হত্যার অভিযোগে তার শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। ডাবলিন পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শৌইয়ং ঝাং ও শিলি চেনের বয়স ৭৬ বছর।
আদালতের নথি অনুযায়ী, নিহত ব্যক্তির সঙ্গে তাদের মেয়ের সন্তানদের হেফাজত নিয়ে তীব্র বিরোধ চলছিল।
নিহত জোনাথন ম্যাককিনসি (৪০) নিউইয়র্ক টাইমসের গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের প্রকৌশল শাখার পরিচালক পদে কর্মরত ছিলেন।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গত শনিবার বিকালে সান ফ্রান্সিসকোর পূর্বাঞ্চলীয় ডাবলিন শহরের একটি স্পোর্টস কমপ্লেক্সের পার্কিং এলাকায় জোনাথনকে গুলি করা হয়।
ডাবলিন পুলিশ সার্ভিসেসের এক বিবৃতিতে জানানো হয়, কাছাকাছি এলাকায় টহলরত এক পুলিশ সার্জেন্ট মাটিতে রক্তাক্ত অবস্থায় জোনাথনকে পড়ে থাকতে দেখেন। একই সময়ে প্রত্যক্ষদর্শীরা জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করেন এবং ঘটনার সময় কাছেই থাকা ওই বৃদ্ধ দম্পতিকে দেখিয়ে দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে শৌইয়ং ঝাং ও শিলি চেনকে হত্যাসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করে। তাদের বাড়ি ডাবলিনেই। বুধবার সকালে তাদের আদালতে হাজির করার কথা ছিল। তবে তারা কোনো আইনজীবী নিয়োগ করেছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে তাদের মেয়ে ক্যান্ডিস জ্যাংয়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।
আদালতের নথি অনুযায়ী, ম্যাককিনসি ও জ্যাংয়ের বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক শুনানির মাত্র এক সপ্তাহ আগে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। ২০১২ সালে তাদের বিয়ে হয় এবং তাদের তিনটি ছোট সন্তান রয়েছে।
আদালতের বিভিন্ন নথি থেকে জানা গেছে, ২০২৩ সালে স্বামী ম্যাককিনসির বিরুদ্ধে পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ করেন জ্যাং। তার অভিযোগ ছিল, ম্যাককিনসি তাদের এক সন্তানকে ধাক্কা দিয়েছেন এবং সাধারণভাবে সন্তানদের সঙ্গে সব সময় খারাপ আচরণ করে থাকেন।
গত বছরের অক্টোবরে পৃথক একটি ঘটনায় ম্যাককিনসিকে গ্রেপ্তার করে শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়। এর পর জ্যাং আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা প্রতিরোধে সুরক্ষা আদেশ (প্রোটেকশন অর্ডার) লাভ করেন।
পুলিশ জানিয়েছে, জোনাথন জবানবন্দিতে এক সন্তানকে চড় মারার কথা স্বীকার করেছিলেন। এর বাইরে আরেক সন্তানকে ঝুঁকির মুখে ফেলার অভিযোগও যুক্ত হয় তাঁর বিরুদ্ধে।
আঞ্চলিক পত্রিকা সান হোসে মার্কারি নিউজের প্রতিবেদনে জানানো হয়, হত্যাকাণ্ডের সময় জোনাথন ম্যাককিনসি জামিনে মুক্ত ছিলেন এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত একটি বিকল্প কর্মসূচিতে অংশ নেওয়ার চেষ্টা করছিলেন।
স্ত্রীর সুরক্ষামূলক আবেদনের জবাবে ম্যাককিনসি নিজেও স্ত্রী জ্যাংয়ের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ এনে সুরক্ষা আদেশ চেয়ে পাল্টা আবেদন করেন এবং বিবাহবিচ্ছেদের মামলা ঠুকে দেন। একই সঙ্গে তিন সন্তানের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ চেয়ে আদালতে আবেদন জানান।
আলামেডা কাউন্টির আদালতের নথি অনুযায়ী, গত বছরের শরৎ থেকে ম্যাককিনসিকে সপ্তাহে দুই ঘণ্টা তত্ত্বাবধানে সন্তানদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছিল।
মার্কারি নিউজের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, জোনাথন ম্যাককিনসি ট্রান্সজেন্ডার পরিচয়ের ছিলেন। নিজের সুরক্ষা আদেশের আবেদনে তিনি অভিযোগ করেছিলেন, শাশুড়ি শিলি চেন তাকে এবং তাদের এক সন্তানকে এলজিবিটিকিউ বিরোধী মারাত্মক গালিগালাজ করেছেন।
পাশাপাশি নিজের লিঙ্গ পরিবর্তনসংক্রান্ত চিকিৎসার সময় স্ত্রী জ্যাং তার সঙ্গে চরম দুর্ব্যবহার ও মানসিক নির্যাতন চালিয়েছেন বলেও অভিযোগ করেছিলেন তিনি।
ম্যাককিনসি ২০২৩ সালের জানুয়ারিতে নিউইয়র্ক টাইমসে যোগ দেন। সংবাদপত্রটি নিশ্চিত করেছে, তিনি সান ফ্রান্সিসকো বে এলাকায় থেকে গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের প্রকৌশল পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে ঘটনা সম্পর্কে বিস্তারিত আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন সংবাদপত্রটির মুখপাত্র।


