কানাডায় অভিবাসন আইন প্রয়োগের অংশ হিসেবে চলতি বছরের প্রথম আট মাসে প্রায় ১৫ হাজার বিদেশি নাগরিককে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।
কানাডা সীমান্ত সেবা সংস্থার (সিবিএসএ) সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ১৪ হাজার ৮৯৭ জনকে কানাডা থেকে বহিষ্কার হয়েছেন। এর মধ্যে ৩৪০ জন বাংলাদেশি নাগরিক।
কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)এর তথ্য অনুযায়ী, বহিষ্কারের সংখ্যায় শীর্ষে রয়েছে ভারত। দেশটির চার হাজার ২২৭ জনকে বহিষ্কার করা হয়েছে। এরপর মেক্সিকোর দুই হাজার ২৮২ জন, যুক্তরাষ্ট্রের ৬০১ জন, কলম্বিয়ার ৫৮০ জন, হাইতির ৫৩৫ জন এবং রোমানিয়ার ৪৩৩ জন নাগরিক রয়েছেন।
পরিসংখ্যানে দেখা যায়, বহিষ্কারের সবচেয়ে বড় কারণ ছিল শরণার্থী আবেদন-সংক্রান্ত নিয়ম না মানা। এ কারণে আট মাসে ১২ হাজার ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিবাসন সংক্রান্ত নিয়ম না মানার কারণে এক হাজার ৭৯৪ জন এবং অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ৮৯৭ জনকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া অভিবাসন আবেদনে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে ৮৮ জন এবং অন্যান্য কারণে ১১৩ জনকে বহিষ্কার করা হয়েছে।
মোট ১৪ হাজার ৮৯৭ জনের মধ্যে আট হাজার ৫৭৭ জনের ক্ষেত্রে বহিষ্কার আদেশ, তিন হাজার ৩০৩ জনের ক্ষেত্রে প্রস্থান আদেশ এবং তিন হাজার ১৭ জনের ক্ষেত্রে বহিষ্কার-নিষেধাজ্ঞা আদেশ কার্যকর করা হয়েছে।
মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে দুই হাজার ৬৫৮ জন, ফেব্রুয়ারিতে এক হাজার ২৭০ জন, মার্চে এক হাজার ৪৩২ জন, এপ্রিলে এক হাজার ৯১৭ জন, মে মাসে দুই হাজার ৩৬৯ জন, জুনে এক হাজার ৭৯১ জন, জুলাইয়ে এক হাজার ৮৩৭ জন এবং আগস্টে এক হাজার ৬২৩ জনকে কানাডা থেকে বহিষ্কার করা হয়েছে।
কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি জানিয়েছে, কানাডায় বৈধভাবে প্রবেশ বা অবস্থানের অধিকার নেই, এমন বিদেশি নাগরিকদের আইন অনুযায়ী দেশ থেকে অপসারণ করা তাদের দায়িত্ব।


