রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীও গণমাধ্যমকে এ তথ্য জানান। দুপুরে পদত্যাগপত্র নিয়ে স্পিকারের কাছে যাচ্ছেন ৩২৩ মহিলা আসন-২৩ এর এই এমপি।
গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর মিষ্টির পদত্যাগের সম্ভাবনার বিষয়টি সামনে আসে। ওইদিন মধ্যরাতে রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তবে, এমপি ফেরদৌসী আহমেদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি হাইকমান্ড তার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে।


