আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির দাবি, সীমান্তবর্তী দুটি স্থানে আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত ‘শিবির ও আস্তানা’ লক্ষ্য করে চালানো হামলায় আনুমানিক ২২ যোদ্ধা নিহত হয়েছেন।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
তবে একই সময়ে কাবুল অভিযোগ করেছে, কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের হামলায় অন্তত নয় নারী ও শিশু নিহত হয়েছেন।
আফগানিস্তান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, বুধবার গভীর রাতে এসব হামলা চালানো হয়। এতে অন্তত নয়জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার ও দক্ষিণাঞ্চলীয় হেলমান্দে চালানো হামলায় তিনটি বাড়ি ধ্বংস হয়েছে।
তিনি লিখেছেন, ‘আমরা এই কর্মকাণ্ডের নিন্দা জানাই এবং এটিকে সব স্বীকৃত নীতির বিরুদ্ধে আগ্রাসন ও অপরাধ হিসেবে বিবেচনা করি।’
প্রায় তিন মাস তুলনামূলক শান্ত থাকার পর প্রতিবেশী দুই দেশের মধ্যে আবারও সংঘাত বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এসব হামলার অভিযোগ উঠেছে।
ইসলামাবাদের অভিযোগ, কাবুল তেহরিক-ই-তালেবান পাকিস্তানসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। এসব গোষ্ঠী আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালায় বলে দাবি করেছে পাকিস্তান।
তবে আফগান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, পাকিস্তানের হামলায় সশস্ত্র গোষ্ঠীর আস্তানার পরিবর্তে বেসামরিক মানুষের বাড়িঘর লক্ষ্যবস্তু হয়েছে এবং এতে নারী ও শিশুরা নিহত ও আহত হয়েছেন।


