পরিবার, প্রতিবেশী ও বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে সম্প্রীতি ও সামাজিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে ‘রাজকীয় গ্রীষ্মকালীন ভোজ’ আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অব নোভা স্কশিয়া (বিডিক্যান্স)। গাই জ্যাকবস কমিউনিটি গার্ডেনে এই ভোজ আয়োজন করা হয়।
বিডিক্যান্সের স্বেচ্ছাসেবকদের আয়োজনে বাগানি, তাদের পরিবারের সদস্য, শিশু, প্রবীণ ও স্থানীয় বাসিন্দারা এতে অংশ নেন। উৎসবমুখর পরিবেশে সাজানো বাগানে ছিল ছবি তোলার বিশেষ ব্যবস্থা, শিশুদের খেলাধুলা এবং সবার জন্য মধ্যাহ্নভোজ। অনুষ্ঠানে বাগানি, প্রবীণ ও শিশুদের সম্মাননা জানানো হয়।
আয়োজনের সবচেয়ে আবেগঘন পর্বে বাগানিরা তাদের জীবনসঙ্গীদের হাতে ফুল তুলে দিয়ে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকেরা জানান, গাই জ্যাকবস কমিউনিটি গার্ডেন শুধু শাকসবজি ও ফুল চাষের জায়গা নয়; এটি বিভিন্ন দেশ, সংস্কৃতি ও প্রজন্মের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সামাজিক সম্পর্ক গড়ে তোলার একটি মিলনস্থল।
বিডিক্যান্সের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা এখানে শুধু শাকসবজি ও ফুলের বীজ বুনি না, মানুষের মধ্যে সম্পর্কের বীজও বুনতে চাই।’
আয়োজকেরা সব বাগানি, পরিবার, প্রতিবেশী ও স্বেচ্ছাসেবককে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও অংশগ্রহণমূলকভাবে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


