বরগুনায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও, ৭ দফা দাবি

বরগুনায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও, ৭ দফা দাবি
বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ক্ষুব্ধ নাগরিক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদে এবং ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এ অঞ্চলের বিক্ষুব্ধ নাগরিকরা।

সোমবার সকাল ১০টায় বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির ব্যানারে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে বরগুনা প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিদ্যুৎ অফিসের সামনের সড়কে গিয়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকসহ বিভিন্ন পেশার সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

আরও পড়ুন

ছবি: টাইমস

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বরগুনার সাধারণ মানুষের জনজীবন এখন অতিষ্ঠ। আমরা প্রযুক্তি বা পাওয়ার গ্রিডের অজুহাত শুনতে চাই না; কোত্থেকে বিদ্যুৎ আসবে তা-ও আমাদের জানার বিষয় নয়। আমাদের একটাই দাবি, ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, বিদ্যুতের এই সংকটের প্রভাব পড়েছে জেলার অর্থনীতিতেও। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় বরফ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে হাজার হাজার জেলে ও মৎস্য ব্যবসায়ী চরম আর্থিক লোকসানের মুখে পড়েছেন।

সমাবেশ থেকে নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি মনির হোসেন কামাল বলেন, নাগরিকদের পক্ষ থেকে ৭ দফা দাবি উত্থাপন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এসব দাবি বাস্তবায়ন ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান না হলে ওজোপাডিকো কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হবে।

পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল স্থানীয় কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৭ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad