অবৈধভাবে ইউরিয়া সার মজুত করায় জামায়াতে ইসলামীর এক নেতা ও সার ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে মনিরুল ইসলামের (৪৫) বাড়িতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। তিনি কামারখন্দ উপজেলা জামায়াতের নায়েবে আমির।
স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় মনিরুলের বাড়ি থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
আবদুল্লাহ আল মামুন বলেন, অভিযানে অবৈধভাবে সার মজুতের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
সার ব্যবসায়ী মনিরুলের বিরুদ্ধে নিজের গুদাম থেকে সারের বস্তাগুলো বাড়িতে এনে মজুত করার অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত সার ব্যবস্থাপনা আইনে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসেন ও কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী উপস্থিত ছিলেন।


