বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে একটি অজ্ঞাত ইমেল বার্তা পাঠানো হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এ মেইল পাঠানো হয়। ‘টপিকেল চাইনিজ ম্যান’ (Typical Chinese man) নামে একটি সূত্র থেকে পাঠানো ওই ইমেল বার্তায় মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়টিতে গণবোমা হামলার হুমকি দেওয়া হয়।
ইমেইলে বলা হয়, আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় একাধিক বোমা হামলা হবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সবাইকে উদ্দেশ্য করে ইমেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাব। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখ যে, যা ঘটতে চলেছে, তা তোমাদের কেউই থামাতে পারবে না।’
পুলিশ সূত্রে জানা গেছে, ইমেইলে হুমকি পাওয়ার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সতর্কতামূলক বার্তা পাঠিয়ে সবার সহযোগিতা কামনা করে মেইলটি ফরোয়ার্ড করেছে ব্র্যাক কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, বোমা হামলায় হুমকির ঘটনায় একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নম্বরে কল দেওয়া হলেও কেউ রিসিভ করেননি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা পোটেনশিয়াল কোনো হুমকি নয়। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বাড্ডা থানায়। বিষয়টি তদন্ত করছে ডিবির সাইবার টিম।


