শিক্ষক দিবসের র‍্যালির ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক গ্রেপ্তার

শিক্ষক দিবসের র‍্যালির ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক গ্রেপ্তার
গ্রেপ্তার তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়া। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ব্যানারটিও জব্দ করা হয়।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তিল্লি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রধান শিক্ষককে থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিল্লি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি বিদ্যালয় থেকে বের হয়ে তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। র‍্যালি শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে গ্রেপ্তার করে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, থানায় আগে রুজু হওয়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্যমতে, আবুল হাশেম ভূঁইয়া (৪৮) দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম মৃত ফুলতান ভূঁইয়া। পুলিশের দাবি, তিনি কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালি বা আলোচনা সভা নিয়ে তাদের কোনো আপত্তি ছিল না। তবে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মসূচিতে রাজনৈতিক ব্যক্তির নাম-সংবলিত ব্যানার ব্যবহার নিয়েই তাদের প্রশ্ন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad